তীব্র তাপদাহে আশ্রয়ের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চলে সকাল ১১টা থেকে মাগরিব পর্যন্ত মসজিদ ও অজুখানা খোলা রাখার নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
রোববার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তিনি পোস্টে জানান, ‘চলমান তীব্র তাপদাহ মোকাবেলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের প্রধান কক্ষ ও অজুখানাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হচ্ছে।’
পোস্টে আরো উল্লেখ করা হয়, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্মদিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ডিএনসিসি প্রশাসকের পোস্ট শেয়ার করে এ তথ্য জানো হয়।
উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার বাংলাদেশের আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদফতরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের এই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ফলে সোমবার সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সময় চলমান তাপপ্রবাহ দেশের কোথাও কোথাও প্রশমিত হতে পারে।