রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাতবোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-ওয়ারী বিভাগ।
আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে দয়াগঞ্জ টু যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন মো: লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো: বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও মো: রোমান (৩৫)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে ডাকাত দলের সদস্যরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অভিযানে তাদের কাছ থেকে দু’টি পিস্তল, দু’টি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, দুই কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, একটি চাপাতি ও দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে যশোর সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে হাতবোমা তৈরি করত এবং তা ঢাকায় এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রি করত। অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা ডাকাতি চালাত।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দু’টি পৃথক মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।