রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে গ্রেফতার রিকশাচালক মো: আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেয়া হয়।

এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ সকালে জানিয়েছে, তাকে হত্যা মামলায় আসামি করা হয়নি। পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেয়া হয়েছে।

শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গত ১৫ আগস্ট (শুক্রবার) ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর রহমান।

পরে তাকে পুলিশ আটক করে এবং এক বছর আগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে তোলে। ওই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান।

গত ২ এপ্রিল ধানমন্ডি থানায় দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউ মার্কেট থেকে সাইন্সল্যাব এলাকার মিছিলের সাথে যাচ্ছিলেন মো: আরিফুল ইসলাম।

ঘটনার দিন দুপুর ২টার দিকে আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। তাতে আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে দুই মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হন।

শনিবার আজিজুরের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তার পরদিনই অন্য আদালতে শুনানি শেষে আজিজুরের জামিন মঞ্জুর হলো।