জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে মাতারবাড়ি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্পের (আরএইচডি) পরিচালক মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান মামলাটি দায়ের করেন।
আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন এক ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন।
মামলার এজাহারে জানানো হয়, মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্পের (আরএইচডি) পরিচালক মো: জাহাঙ্গীর আলম অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ২৯ কোটি সাত লাখ ১১ হাজার ৪৫৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগদখলে রেখে এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৯৪টি হিসাবে সন্দেহজনকভাবে ১২৭ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ২২৬ টাকা লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ করেছেন। তিনি ‘দুর্নীতি ও ঘুষ’ গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অসৎ উদ্দেশ্যে এর রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
সূত্র : বাসস