কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় লুৎফর রহমান সাবুর হত্যা মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জাসদের সভাপতি মশিউর রহমান মিলন, জসিম উদ্দিন, এখলাস হোসেন, মুরাদ আলী, মাহাবুল হোসেন, রাশেদুল ইসলাম, ওয়াসিম, রফিকুল ইসলাম ও হেলাল উদ্দিন। তাদের সকলের বাড়ি মিরপুরের আমবাড়িয়া গ্রামে।

২০১৭ সালের ১১ জানুয়ারি মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরশ আলী নামের এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ জানুয়ারি দুপুরে আলমডাঙ্গায় যাওয়ার জন্য বাড়িতে প্রস্তুতি নিচ্ছিলেন পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবু ও তার ছোট ভাই হাবিবুর রহমান। এ সময় লুৎফর রহমানের মোবাইলফোনে একটি কল এলে তিনি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে যান। কিছু সময় পর তার ভাই হাবিবুর বাইরে বের হলে আমবাড়িয়া কবরস্থানের সামনে আসামি মশিউর রহমান মিলনের হুকুমে অন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে লুৎফরকে কুপিয়ে পালিয়ে যেতে দেখেন। এতে ঘটনাস্থলেই মারা যান লুৎফর।

ঘটনার পরদিন নিহতের ভাই হাবিবুর হত্যার হুকুমদাতা মিলনসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মিরপুর থানায় হত্যা মামলা করেন।

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।’