বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে হাত বোমা ও পেট্রোল বোমা হামলায় নাগরিক ঐক্যের নয়জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো সাতজনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, পেট্রোল বোমা হামলায় যুবদল নেতা রনি মিয়া মামলা করেছেন। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এর আগে মঙ্গলবার রাতে যুবদল নেতা রনি মামলাটি করেছেন বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সরকার (৪৫), সাংগঠনিক সম্পাদক সৈকত আমিন বিদ্যুৎ (৩২), হারুনুর রশিদ (৫০), উপজেলা নাগরিক যুব ঐক্য সভাপতি অমিত হাসান (৩৫), নাগরিক ঐক্যেকর্মী তোফা (৫৫), সাগর (৩৫), মোকাররম হোসেন খোকন (৩২), পিয়াল (৫৫) ও লিপি বেগম (৩৫)।
এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল বাহাপুর গ্রামে যুবদল নেতা রনি মিয়ার বাড়িতে ককটেল, পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রতিবাদে মোকামতলা-জয়পুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি নেতা-কর্মীরা। এরপর থেকেই জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে শিবগঞ্জ উপজেলা বিএনপি।