পেশাগত নিবন্ধন এবং সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার (১৫ জুলাই) সকালে জাতীয় মহাসমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা। পরে তারা সরকার প্রধানের সাথে সাক্ষাতের দাবিতে পদযাত্রা করেন।
চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। দেশের বিভিন্ন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডেন্টাল অনুষদের শিক্ষার্থী, পেশাজীবী এবং বিভিন্ন জেলা থেকে আগত প্রায় পাঁচ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী এতে অংশ নেন। সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত কর্মপরিধির আলোকে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধন দাবি করেছে। রাষ্ট্র স্বীকৃত এই কোর্সের শিক্ষার্থীদের জন্য সরকার নিজেই পাঠ্যক্রম প্রণয়ন, ভর্তি, পরীক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ, সনদ প্রদান এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগের ব্যবস্থা করেছে। এমনকি স্বাস্থ্য অধিদফতর তাদের জন্য নির্দিষ্ট কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে। তবুও তারা দীর্ঘদিন ধরে বিএমডিসির নিবন্ধন এবং নির্ধারিত কর্মপরিধির আওতায় সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত রয়েছে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব মুহাম্মদ কামাল বলেন, হাজার হাজার প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারী বর্তমানে কর্মসংস্থানের সঙ্কট, পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এছাড়া কোর্সের নাম ও সিলেবাসের অসংগতির কারণে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। কোর্সের নাম পরিবর্তনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একাধিকবার উদ্যোগ নিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
বক্তারা আরো দাবি করেন, সমযোগ্যতাসম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি আইন, ২০১০’র ১৫ ধারা ও পঞ্চম তফসিল অনুযায়ী নিবন্ধনের সুযোগ পেয়েছেন। এছাড়া বিএমডিসি আইন, ১৯৮০-এর ১৫(৩) ধারা অনুযায়ী প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকা সত্ত্বেও জীবিকার প্রয়োজনে একটি বৃহৎ জনগোষ্ঠীকে নিবন্ধন দেয়া হয়েছে এবং সেই নিবন্ধন এখনো নবায়ন করা হচ্ছে। অথচ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা একই সুযোগ থেকে বঞ্চিত। তারা বলেছেন, এটা সংবিধানের ১৯, ২৬, ২৭ ও ৪০ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।
তারা সরকারের প্রতি অনতিবিলম্বে বিএমডিসি আইন, ২০১০'র ৩৫ ধারার আওতায় তফসিল সংশোধন অথবা একই আইনের ৩৬ ধারার অধীনে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য পৃথক বিধিমালা প্রণয়নেরও দাবি জানান।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো:মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে আরো বক্তব্য দেন এমট্যাবের মহাসচিব বিপ্লবুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান তুষার, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম মহাসচিব আইনুল হকসহ সংগঠনের অন্য নেতারা।
কর্মসূচি থেকে বক্তারা দাবি আদায়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেবেন বলে তারা জানান।