মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেডের দাবির প্রতি ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ৮০’র দশকের মেডিক্যাল টেকনোলজিস্টদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। দেশের স্বাস্থ্য ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সরকারি-বেসরকারী পর্যায়ে চাকরিরত মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গত ৩০ নভেম্বর থেকে কর্মবিরতিসহ গঠনমূলক কার্যক্রম চালিয়ে আসছে।
বুধবার এক বিবৃতিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের ন্যায়সংগত দাবির প্রতি তারা পূর্ণ সমথর্ন জানিয়েছেন এবং দাবি মেনে নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বিবৃতিতে স্বাক্ষর করেন মো: খালেকুজ্জামান, মো: শহীদুল ইসলাম, মো: জুন্নুন রেজা চৌধুরী, মো: আলফাজ উদ্দিন ভুইয়া, মো: নাসিম , মো: বোরহান উদ্দিন সিদ্দিকী, এইচ এম মুস্তাফিজুর রহমান এবং মো: আব্দুল মজিদ শেখ।
এদিকে বুধবার এই দাবি বাস্তবায়নে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করা হয়। এছাড়া রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে সকাল ৮ হইতে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়কারী ও বাংলাদেশ ফার্মাসিস্ট পরিষদের আহ্বায়ক নাছির আহাম্মেদ রতন, বিডিপিএর সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, এমরান হাসানসহ অন্য নেতারা।