দেশের রেডিয়েশন ও ক্লিনিক্যাল অনকোলজিস্টদের পেশাগত সংগঠনকে আরো কার্যকর, প্রতিনিধিত্বশীল ও সময়োপযোগী করার লক্ষ্যে বিশিষ্ট অনকোলজিস্ট অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে রেডিয়েশন অনকোলজি সোসাইটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যান্সার ইনস্টিটিউট ও বিশেষায়িত হাসপাতালের অনকোলজিস্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: এ টি এম সাজ্জাদ হোসেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ মো: আকরাম হোসেন, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা: এহতেশামুল হক, কন্টিনেন্টাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: রশিদ উন নবী, ডেল্টা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা: মঞ্জুর কাদের, ‘আটটি বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্র স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা: মো: তৌফিক হাসান ফিরোজ এবং ঢাকার এভারকেয়ার হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট ডা: আরমান রেজা চৌধুরী, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা: আলেয়া শাহনাজ, রাজশাহী মেডিক্যাল কলেজের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক ডা: অসীম কুমার ঘোষ, রংপুর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: জাহান আফরোজা খানম লাকি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: আলী আসগর, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা: সরদার বনিউল আহমেদ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: মেহবুব আহসান রনী, অধ্যাপক ডা: আসমা সিদ্দিকা, সহকারী রেজিস্ট্রার ডা: তাসনিম হোসেন, ঢাকা মেডিক্যাল কলেজের রেডিওথেরাপি বিভাগের রেজিস্ট্রার ডা: আসাদ প্রমুখ।
অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার উপস্থিত চিকিৎসকদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের রেডিয়েশন ও ক্লিনিক্যাল অনকোলজিস্টদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, পেশাগত সমস্যা সমাধান এবং ক্যান্সার শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিষয় ও ডিগ্রির নামকরণ, নতুন পদ সৃষ্টি, নিয়োগ ও পদোন্নতি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং তরুণ অনকোলজিস্টদের পেশাগত বিকাশের বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।
অধ্যাপক ডা: সৈয়দ মো: আকরাম হোসেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী আয়োজন। দেশের রেডিয়েশন ও ক্লিনিক্যাল অনকোলজিস্টদের শিক্ষা, প্রশিক্ষণ, নিয়োগ, পদোন্নতি, পেশাগত পরিচয় এবং বিষয় ও ডিগ্রির নামকরণসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে পৌঁছাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি বিষয় ও উচ্চতর ডিগ্রির অভিন্ন নাম ‘ক্লিনিক্যাল অনকোলজি’ করার ওপর গুরুত্বারোপ করেন।