দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রণি নামে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন।

বুধবার (৭ মে) বার্তাসংস্থা ইউএনবি এ তথ্য জানায়।

এর আগে, গত সোমবার (৫ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত রণি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।

নিহতের আত্মীয় তানভীর হোসেন আদনান জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন রণি। এ সময় নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাতাড়ি গুলি ছোড়ে ডাকাতদল। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিউল ইসলাম রণি দীর্ঘ ২২ বছর সপরিবারে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামী বৃহস্পতিবার (৮ মে) রণির লাশ দেশে আসতে পারে।

বুধবার সকালে এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডাকাতদের গুলিতে প্রবাসে কেউ নিহত হয়েছেন এমন কোনো খবর তার কাছে নেই।

এ বিষয়ে বৈদেশিক মন্ত্রণালয় থেকে কোনো বার্তাও পাওয়া যায়নি বলে জানান ওসি।