উত্তরায় ঢাবির ক্ষণিকা বাসে হামলা, ৫ শিক্ষার্থী আহত
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থান
ঢাকা মহানগরী
রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই বাসটির চালকসহ ৫ থেকে ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উত্তরার আজমপুর এলাকায় হামলার ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ঢাবির টঙ্গী-গাজীপুর রুটের 'ক্ষণিকা' বাসটি গাজীপুরের দিকে যাচ্ছিল। পথে উত্তরা বিএনএস এলাকায় শিক্ষার্থীরা বিআরটিসি ট্রাকের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন। বাসটি সেখানে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি দল হঠাৎ করে হামলা চালায়। তারা বাসের লুকিং গ্লাস ভেঙে ফেলে এবং চালককে টেনে নামিয়ে মারধর করে।
বাসে থাকা অন্য শিক্ষার্থীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে হামলাকারীরা তাদের দিকে তেড়ে আসে এবং মারধর শুরু করে। তারা লাঠি, ইট, কাঠ যা পায়, তা দিয়ে বাসের পেছনের গেটের কাছে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমেদ জানান, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে হামলা চালায়নি। তারা পথচারী ও অন্যান্য যানবাহনের ওপরও হামলা করছিল। এ সময়ই বিশ্ববিদ্যালয়ের বাসটি সেখানে পড়ে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ৪-৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজন গুরুতর। এই ঘটনায় শিক্ষার্থীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলেও প্রক্টর জানান।