ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন বিভাগে শিক্ষক ও চিকিৎসা কেন্দ্রে মেডিক্যাল অফিসারসহ মোট ৩৫টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৩ জন প্রভাষক, একজন সহকারী অধ্যাপক এবং একজন মেডিক্যাল অফিসার নিয়োগ দেয়া হবে। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞান, ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ, সোস্যাল ওয়েলফেয়ার, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে তিনজন করে প্রভাষক নিয়োগ দেয়া হবে।
এছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং ল’ অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগে দুইজন করে প্রভাষক নেয়া হবে। লোক প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, ফাইন আর্টস, ইংরেজি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন করে প্রভাষক নিয়োগ দেয়া হবে।
অন্যদিকে, ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্থায়ীভাবে একজন মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) নিয়োগের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রভাষক পদে বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯), সহকারী অধ্যাপক পদে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা (গ্রেড-৬) এবং মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৬০ টাকা (গ্রেড-৮) নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীদের কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত ফরমে আবেদন আগামী ২৮ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে রেজিস্ট্রার বরাবর পৌঁছাতে হবে।