বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে মৃত ঘোষণা করে কফিন বানিয়ে মিছিল করে ভিসি ড. শূচিতা শরমিনের ব্যর্থতার উপাখ্যান ও শিক্ষার্থীদের হাহাকার সংবলিত লিফলেট বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কফিনকে মহাসড়কের সামনে রেখে করেছি কারণ আমরা চার দফা দাবি নিয়ে সুশৃঙ্খল আন্দোলন করছিলাম কিন্তু ভিসির নির্দেশে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করতে জিডি করা হয়েছে। এই অথর্ব প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে মামলা দিয়ে আন্দোলনকে বানচালের চেষ্টা করছে। আমরা মনে করি, এ প্রশাসন মৃত।

আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘গতকালকে আমরা দেখেছি ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অবস্থান নিলেও প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি।’

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী নাজমুল ঢালি বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের চার দফা যৌক্তিক দাবি প্রশাসনকে জানালে তারা এখন অবধি কোনো পদক্ষেপ নেয়নি বরঞ্চ স্বৈরাচার ভিসি এই আন্দোলনকে দমানোর জন্য ২২ জন শিক্ষার্থীর নামে জিডি করে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং স্বৈরাচার মনোভাবের বহিঃপ্রকাশ আমরা এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এবং প্রশাসনের নিস্তব্ধতার কারণে আজকের এই কফিন মিছিল আয়োজন করেছি।’

উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসির করা মামলা প্রত্যাহার ও ৪ দফা দাবিতে আন্দোলন করে আসছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।