বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. শূচিতা শরমিনকে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি শিক্ষার্থীরা। পরে তিনি গুচ্ছভুক্ত পরীক্ষার অন্য কেন্দ্র বরিশাল সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন।
শুক্রবার (৯ মে) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভিসিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। তার পদত্যাগের দাবিতে গত চার দিন ধরেই আন্দোলন করছে তারা।
ভিসি পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী মো: মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা তাকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেইনি। সাধারণ শিক্ষার্থীরা তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে। তার এখন স্বসম্মানে পদত্যাগ করে চলে যাওয়া উচিত।’
এ বিষয়ে জানতে ভিসি অধ্যাপক ড. শূচিতা শরমিন ও প্রক্টর ড. সোনিয়া খান সনিকে একাধিকবার কল করা হলেও তারা কোনো সাড়া দেননি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর ড. মো: মামুন অর রশিদসহ অন্যরা। ‘এ’ ইউনিটে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত হাজার ৬১ জন।