জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা উখিয়ায় জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতারে যোগ দেবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসঙ্ঘ মহাসচিবকে স্বাগত জানাবেন।
জাতিসঙ্ঘ মহাসচিব বিমান বন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।
পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসঙ্ঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছান আন্তোনিও গুতেরেস। আজ শুক্রবার সারাদিন তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সময় দেবেন, সন্ধায় ইফতার শেষে ঢাকায় ফিরবেন।
আগামীকাল শনিবার সকালে জাতিসঙ্ঘের ঢাকাস্থ অফিস পরিদর্শন করবেন তিনি। দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেলে একটি হোটেলে গণমাধ্যমের সামনে আসবেন তিনি।