এখন থেকে ভারতের নয়াদিল্লির পরিবর্তে ঢাকার হাইকমিশন থেকে বাংলাদেশীদের ভিসা দেবে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে এক ফোন আলাপে এ কথা জানান অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান। এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন। এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশী নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করত।