রাজধানীর হাজারীবাগের ঝাউচর আমলা টাওয়ারের গলিতে বিদেশ যাওয়াকে কেন্দ্র করে বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।
নিহতের নাম বাহারুল ইসলাম রাসেল (২২), আর ঘাতকের নাম মোহাম্মদ জুয়েল রানা।
রাসেলের মামা মোহাম্মদ হুমায়ুন বলেন, ‘আমার বোন অর্থাৎ রাসেলের মা শাহনাজ বেগম জর্ডান-প্রবাসী। কথা ছিল ছেলে রাসেলকে কিছুদিনের মধ্যেই জর্ডানে নিয়ে যাবে। এ জন্য রাসেলের পাসপোর্টও করেছিল। একথা শুনে রাসেলের বাবা জুয়েল রানা রেগে গিয়ে রাসেলের মাকে গত দু’দিন আগে মোবাইলে ডিভোর্স দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাতের দিকে হাজারীবাগের বাসায় ফিরে ছেলে রাসেলকে ধারাল ছুরি দিয়ে বুকে আঘাত করে বলতে থাকে যে তোর মা আমাকে না নিয়ে তোকে জর্ডানে নিয়ে যাবে, যা তোকে একবারে পাঠিয়ে দিলাম। পরে সে পালিয়ে যায়। রাসেলের মামা ও স্বজনরা বিষয়টি জানতে পেরে মুমূর্ষ অবস্থায় রাসেলকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে বাবা ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে স্বজনদের দাবি।