ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম।

বুধবার দুপুরে ঘুষের টাকা গ্রহণের সময় তাকে গ্রেফতার করা হয়।

লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকার ম্যানেজার মো: সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন যে দাবি করা ঘুষের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। তিনি আরো জানতে পারেন, কুতুবউদ্দিন সোহেল আগত সকল সেবাপ্রার্থীর কাছ থেকেই ছাড়পত্র প্রদান বাবদ ঘুষ হিসেবে টাকা গ্রহণ করেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং দুর্নীতিবাজ কর্মকর্তাকে আইনের আওতায় আনতেই মো: সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন।

দুদকের ফাঁদ অভিযানে বুধবার দুপুরে ঘুষের টাকা গ্রহণের সময় সচিব কুতুবউদ্দিন সোহেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।