রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
রোজিনা আক্তার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সৌদি আরব-প্রবাসী মো: আউয়ালের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ের রয়েছে। তিনি রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
তার ভাই জিহাদ ভূঁইয়া জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মেরুল বাড্ডার বাসা থেকে বিকাশের দোকান থেকে টাকা তোলার উদ্দেশ্যে বের হন রোজিনা। এর কিছুক্ষণ পর তারা খবর পান, মধ্য বাড্ডা এলাকার একটি রাস্তায় রোজিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আটকে পুলিশ তদন্ত শুরু করেছে।