সরকার দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন, কওমি মাদরাসায় নাকি বরাদ্দ দেয়া হয়নি। আমি তাকে বলতে চাই- কওমি অর্থ গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেন।

রোববার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নিলুফার চৌধুরী মনি আরো বলেন, সংসদে তরুণদের ৮ জন প্রতিনিধি আছেন। তারা তরুণদের নিয়ে কোনো কথা বলেন না। তারা শুধু গণভোট নিয়ে কথা বলেন।

তিনি আরো বলেন, একজন সংসদ সদস্য তার বাবা জীবিত থাকার পরও মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করেছেন। সংসদ সদস্য হতে হলে মুক্তিযোদ্ধা হতেই হবে- এমন কোনো কথা নেই। জনগণের জন্য কাজ করলেই হয়। কিন্তু তারা মুক্তিযোদ্ধার সন্তান দাবি করতে অসত্য বক্তব্য দিচ্ছেন।

এর পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ওই সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন তা অনিচ্ছাকৃত ভুল। তিনি নিজেও সেটা স্বীকার করেছেন। এটা ছিল স্লিপ অব টাং। এর আগেও সংসদে এ নিয়ে জানানো হয়েছে।