রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে গ্রেফতারদের পরিচয় প্রকাশ না করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার উত্তরায় বিআরটিসির একটি ট্রাকের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বিক্ষোভ চলাকালীন কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলা ও ভাঙচুর চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হন।
ঘটনার পরপরই ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ শিক্ষার্থীদের নিরাপত্তা, আহতদের চিকিৎসা এবং অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের সাথে যোগাযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর উত্তরা পশ্চিম থানায় গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।
প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর রয়েছে এবং প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত।