রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দু’টি চোরাই মোবাইলফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

আজ রোববার (৩০ মার্চ) পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও মো: তোফায়েল আহম্মেদ (২৬)।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার মো: সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় বসবাস করেন। তাদের বাসাটি সাবলেট ভাড়া নেয়ার জন্য গত ২১ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে সাকিবের মোবাইলফোনে কল করে বাসাটি দেখতে আসেন মাহথির মোহাম্মদ খান তমাল নামে এক ব্যক্তি। মাহথিরের বাসাটি পছন্দ হলে সে সাবলেট বাসা ভাড়া নেন। এরপর সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে সে চলে যান এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরের দিন দেবে বলে জানান। পরে রাত সোয়া ৮টার দিকে সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির বাসার চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দু’টি বাটন মোবাইলফোন চুরি করে নিয়ে চলে যান। এ ঘটনায় সাকিবের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় ৩০ মার্চ একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর ৩০ মার্চ সকালে পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মাহথির মোহাম্মদ খান তমাল ও ওই সময় তার আরেক সহযোগী মো: তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দু’টি চোরাই মোবাইলফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য নয় লাখ ২৮ হাজার টাকা।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।