ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৩৭টি কার্যালয়ে ব্যাপক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার একযোগে সারাদেশে এ অভিযান চালানো হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, ঘুষ, জালিয়াতি ও দালালচক্রের সক্রিয়তাসহ কয়েকটি অভিযোগে এসব অভিযান চালানো হয়। দুদকের বিভিন্ন টিমের সদস্যরা ছদ্মবেশে সে সব এলাকায় পর্যবেক্ষণ ও অনুসন্ধান করেছেন।

ঢাকার রামপুরা, উত্তরা, কেরানিগঞ্জ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ ৩৭টি কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক।