রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন সোয়েব রহমান জিশান (২৫), মো: রাইসুল ইসলাম (২১) ও মো: কাউসার হোসেন (২১)।

ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৩।

বৃহস্পতিবার র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ এপ্রিল গভীর রাতে রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে গ্রেফতার করা হয়। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে মো: রাইসুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি বরিশাল সদর উপজেলার চহটা গ্রামের বাসিন্দা। এরপর শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকা থেকে মো: কাউসার হোসেনকে গ্রেফতার করা হয়। তিনিও বরিশাল সদর উপজেলার রাজ্জাকপুর গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারকৃতদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে ওই নারী সাংবাদিক ও তার ছোট ভাই রিশাদকে মারধরের অভিযোগ আনা হয় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে।