রাজধানীর মোহাম্মদপুর থেকে শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ (৫৬) চারজকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতার বাবু ওই এলাকার একাধিক কিশোর গ্যাং গ্রুপের গডফাদার নামে পরিচিত। এক্সেল বাবু ‘কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার’র গডফাদার হিসেবে পরিচিত।
মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টায় ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের একটি দলের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, রাজধানীর মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সেনাবাহিনীর বসিলা সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ (৫৬) তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টিরও অধিক মামলা রয়েছে।
আইএসপিআর আরো জানায়, গোয়েন্দা তথ্যমতে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো’ এবং দুর্ধর্ষ অপরাধী ‘কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার’র গডফাদার হিসেবে পরিচিত।