রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবলসহ মো: পারভেজ (৩৩) ও মো: রুবেল (২৫) নামের দু’জনকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

শুক্রবার (১৬ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বংশাল এলাকার টেকেরহাট নবাবপুর ফাঁড়ি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও উক্ত মালামাল জব্দ করা হয়। তাদের হেফাজত হতে বিভিন্ন ক্যাবল কোম্পানির নকল মনোগ্রাম ও স্টিকার সম্বলিত ৩৭ কয়েল ক্যাবল জব্দ করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরো দু’ তিনজন পালিয়ে যায়। এরপর কারখানার ভেতরে তল্লাশি করে বিভিন্ন ক্যাবল কোম্পানির নকল মনোগ্রাম ও স্টিকার সম্বলিত ৩৭ কয়েল ক্যাবল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যমান দু’ লাখের বেশি। এ ঘটনায় গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘ দিন যাবৎ পলাতক আসামিদের সহায়তায় জাল মনোগ্রাম ব্যবহার করে নকল ক্যাবল প্রস্তুত ও বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা ক্যাবল তৈরির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।’