গত বছরের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়াসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনার অভিযোগে একজন বরখাস্ত সৈনিককে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো: নাঈমুল ইসলাম।

জানা গেছে, নাশকতামূলক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল নাইমুলের সাথে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় তিনিসহ তার কিছু সহযোগী।

শনিবার (১৭ মে) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, শনিবার বরখাস্তকৃত সৈনিক মো: নাঈমুল ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার করা হয়েছে। তিনি গত ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত/অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায়, বরখাস্ত হওয়া সৈনিক নাঈমুল ইসলাম আগামীকাল ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।

আইএসপিআর আরো জানায়, এ ধরনের শৃঙ্খলা-বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় তার সাথে যোগাযোগের চেষ্টা করে। এ সময় নাইমুল তার কিছু সহযোগীসহ উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।

তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।

উল্লেখ্য, সৈনিক (বরখাস্ত) নাইমুলকে স্ত্রীর কাছে যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বরখাস্ত সেনা সদস্যের বিরুদ্ধে আনুষাঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।