রাজধানীর মিরপুরের পল্লবীতে মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এক যুবককে গলাকেটে

হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ জুন) সকালের দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবী মিল্লাত ক্যাম্পের ৩ নম্বর লাইনের বি ব্লকে এই নৃশংস হত্যার ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাকিবুল হাসান সানি ওরফে পেপার সানি (৩২)।

তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, নিহতের বাবার নাম মোহাম্মদ সোহেল। মায়ের নাম রোজিনা বেগম।

নিহত সানি স্ত্রী, মা-বাবাকে নিয়ে কালশি এলাকার শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের পাশে থাকতেন।

তার বাবা সোহেল জানান, মঙ্গলবার সকালে জিন্দা ও টানা আকাশ আমার ছেলেকে মোবাইল ফোনে মিল্লাত ক্যাম্পে ডেকে নিয়ে যায়। সেখানে সানির সাথে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিন্দা, টানা আকাশ, রুবেল, বোমা কাল্লু, কাসরা সোহেলসহ একদল কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা সানিকে মারধরের পর কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

নিয়তের বাবা আরো জানান, ওই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক কারবার করতে বাধা দেয়ায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রমের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত সানির সাথে ওই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিউল আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে

নিহতের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় স্বজনরা থানায় মামলা করতে এসেছেন। অভিযুক্তদের ধরতে এরই মধ্যে অভিযানে নেমেছে পুলিশসহ গোয়েন্দারা।