গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে অস্থিরতা সৃষ্টি করে আধিপত্য বিস্তারের ঘটনায় দিপু সরকার ও জসিম নামে দু’ যুবককে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (২৪ মে) বিকেলে মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মহানগরীর গাজীপুরা এলাকায় স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানার ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুষ্কৃতিকারীরা ককটেল ফাটিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করে। এ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে যৌথবাহিনীর সদস্যরা দিপু সরকার ও জসিম নামের দু’ যুবককে আটক করে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিব জানান, ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার আটক হওয়া ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।