সাভারে ঢাকা রফতানি প্রক্রিয়াকরন এলাকা (ডিইপিজেড) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখার সিনিয়র এক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

পরে তারা নিজেরাই এলাকাবাসীর সহায়তায় গতকাল বুধবার দুইজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আজ বৃহস্পতিবার সাভার মডেল থানার এসআই সামসুল আলম নয়া দিগন্তকে জানান, আটককৃতদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে। তাদের এখনো গ্রেফতার দেখানো হয়নি।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মাওলানা মুফতি মো: ওমর ফারুক অভিযোগ করে বলেন, প্রথমে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার চার দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা নথিভুক্ত করেননি। পরে গতকাল বুধবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়।

জানা গেছে, সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাসন মহল্লার বাসিন্দা ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মাওলানা মুফতি মো: ওমর ফারুকের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ঈদুল আযহার ছুটিতে ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। সেখানে অবস্থানকালে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত চোরেরা দক্ষিণ রাজাশন মহল্লার বাসার মেইন গেইটের তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে পেছনের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে সমস্ত ঘর তছনছ করে। দু’টি আলমারির তালা ভেঙে সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ডলার নিয়ে পালিয়ে যায়।

মাওলানা মুফতি মো: ওমর ফারুক বলেন, চোরেরা নগদ টাকা ডলারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। গত শনিবার এই ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো মামলা নথিভুক্ত করেনি।

তিনি আরো বলেন, আশপাশের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে গতকাল বুধবার দুপুরে এলাকার লোকজন বাদশা (২৮) ও শাকিল (২৬) নামে দু’জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে।

তিনি আক্ষেপ করে বলেন, থানায় এজাহাল লিখাতে গিয়েও আমার কাছে টাকা দাবি করেছে।

সাভার মডেল থানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সামসুল আলম আরো জানান, ব্যাংক কর্মকর্তা যা বলছেতা সঠিক না। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। ব্যাপারটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।