ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রী সমমান করার দাবিতে রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দাবি না মানলে আগামী ১৬ তারিখে অনুষ্ঠিতব্য নার্সিং ভর্তি পরীক্ষা বন্ধ করায় করে দেয়ার হুমকি দেন তারা।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় সরকারি-বেসরকারি নার্সিং কলেজের সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে নার্সিং কলেজের গেটে অবস্থান নেয়। পরে সেখান থেকে অধ্যক্ষ ডা. সুফিয়া বেগমের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা।

এ সময় তারা আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাই নাই। এইচএসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রী সমমান চাই। দাবি মোদের একটাই ডিপ্রোমাকে ডিগ্রী চাই। শ্লোগান দেন।

পরে সমাবেশে বক্তব্য রাখেন রেজওয়ানুল ইসলাম, জান্নাতি মৌ, আশিকুর রহমান, কাজলি আখতার, আতিফা খাতুন প্রমুখ।

এ সময় তারা বলেন, দাবি মেনে নেয়া না হলে আগামী ১৬ তারিখ অনুষ্ঠিতব্য নার্সিং-এর ভর্তি পরীক্ষা বন্ধ করে দেয়া হবে।

তারা আরো বলেন, ইন্টারমিডিয়েট পাশের পর ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তিন বছরের কোর্স সম্পন্ন করি এবং ইন্টার্নি করি। কিন্তু আমাদের সার্টিফিকেটে এইচএসসি পাশ থাকে। যা বৈষম্য। ডিগ্রী সমমান না থাকায় আমরা চাকরিতে দেশে বিদেশে পিছিয়ে যাচ্ছি। আন্দোলনকারীদের দাবি, জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছি নার্সরা। প্রধান উপদেষ্টা আমাদের দাবি মানার প্রতিশ্রুতি দিলেও এখনো তা করা হয়নি। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের।