বরিশালের গৌরনদীতে মঙ্গলবার রাতে এশা বাদ পবিত্র সীরাতুন্নবী সা: উদযাপন উপলক্ষে হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমি মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী সাব রেজিস্টার জামে মসজিদ পেশ ইমাম মাওলানা আব্দুল হাকিম । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি আব্দুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি আতিকুর রহমান রশীদী (তালতলী হুজুর, বরগুনা) ও মাওলানা নুরুল ইসলাম ফিরোজী, মুহতামিম, তাকওয়া নূরানী হিফজি মাদরাসা, গৌরনদী।
পস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাংবাদিক মো: মোস্তফা হাওলাদার, মো. লিটন খান, এ এস মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মাদরাসার মুহতামিম, রাজনৈতিক নেতৃবৃন্দ।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মো: হামিদুল্লাহ চৌধুরী ও হাফেজ মো: ওবায়দুল্লাহ চৌধুরী।
পরে ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা জহিরুল ইসলাম, মুহতামিম, ইসলামিয়া হিফজুল কুরআন মাদ্রাসা ও হাফেজ মো: ফাহিম আহমেদ, শিক্ষক, মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমি মাদরাসা।
মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল মাদরাসার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের প্রথম সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা।
এ সময় শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ও দ্বীনি জ্ঞান অর্জনে আরো উৎসাহিত করতে অতিথিরা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তারা পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ সা:-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিকতা, মানবিকতা, পরস্পরের প্রতি সহমর্মিতা ও শান্তির চর্চা করার আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামের মৌলিক শিক্ষা ও মহানবী সা:-এর আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মসজিদ, মাদরাসা ও স্থানীয়রা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মো: নাঈমুর রহমান মিফতাহ।
আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা বিস্তার, পবিত্র সীরাতুন্নবী সা:-এর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া এবং শিশু-কিশোরদের কোরআন ও সুন্নাহর আলোকে গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।