টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দু’জন নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (২৩ মার্চ) সকালে ঢাকা-যমুনা সেতু সংযোগ সড়কের পাথাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার ভাবলা গ্রামের ছাকু মণ্ডলের ছেলে ইজিবাইকের চালক হাসেন আলী (৫৫) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে সবুজ (১৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক ভাবলা গ্রামে যাচ্ছিল। পাথাইলকান্দি এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক হাসেন আলীর মৃত্যু ঘটে। গুরুতর আহত দু’জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ইজিবাইকের যাত্রী সবুজ মারা যান।