পিরোজপুরের কাউখালীতে আগুনে বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

আজ শনিবার আনুমানিক সকাল ৭টার দিকে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার আনুমানিক সকাল ৭টার দিকে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামের খগেন মিস্ত্রির কাঠের টিন সেট ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ সময় ঘরে কেউ ছিল না। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণের আনার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। ঘরের ভেতরে শুকনা সুপারি, চাউল, আসবাবপত্র, জরুরি কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, আগুনের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিভাবে আগুন লাগল তা সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না।

কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: খলিলুর রহমান জানান, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্যারের মাধ্যমে আগুনের কথা শুনতে পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা করা হচ্ছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।