ঘুষ নেয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা প্রধান মোহাম্মদ গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০ মে) দুপুরে অস্থায়ী নিয়োগের নামে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া একজনের সাথে চবির অগ্রণী ব্যাংকে ঢুকে নগদ অর্থ তুলেন। এ সময় তিনি এক লাখ টাকা নেয়ার পাশাপাশি বাকি অর্থ নিয়ে দর কষাকষি করেন।

জানা গেছে, ‘জেরিন গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের এমডি ফরিদের সাথে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দফতরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন গোলাম কিবরিয়া।

এ ঘটনার পরপরই চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে গোলাম কিবরিয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সাময়িক বরখাস্তে থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। পাশাপাশি ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সাথে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।