মেহেরপুরের গাংনীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মুনতাছির জামান (১২) নামের এক মাদরাসা ছাত্র নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে উপজেলার তেরাইল ও কামারখালি নামক জায়গায় দুর্ঘটনা দু’টি ঘটে বলে নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।

নিহত মুনতাছির সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে ছাতিয়ান বাওট হাফিজিয়া মাদরাসার ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গাংনী উপজেলার কামারখালি গ্রামের সেতুর কাছে ইটবোঝাই লাটাহাম্বার ধাক্কায় গুরুতর আহত হয় মাদরাসা ছাত্র মুনতাছির জামান। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

অপরদিকে বেলা আড়াইটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল নামক জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- গাংনী উপজেলার কাজিপুর গ্রামের কলেজছাত্র সোহাগ হোসেন (২৪), তারিক হোসেন (২৫) ও পল্লী উন্নয়ন ব্যাংকের গাংনী শাখার মাঠকর্মী আমজাদ হোসেন (৩৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো জানান, তেরাইল সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এদের মধ্যে তারিক ও সোহাগের অবস্থা খারাপ হওয়ায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।