শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশে অবৈধভাবে পাচারকালে সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কক্সবাজারের নাজিরারটেকের কাছের সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলেও বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে ধরতে সক্ষম হয়। এ সময় বোটে তল্লাশি চালিয়ে ৩৪০ বস্তা সিমেন্টসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
আটক পাচারকারীরা হলেন- টেকনাফের মমতাজ আহমদ (৫০), চরফ্যাশনের মো: আরাফাত (৩০), পাথরঘাটা উপজেলার মো: ইব্রাহিম (২৬) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো: শুক্কুর (৫০) ও মো: জোহার (৩৬)।
এদিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জব্দ সিমেন্ট, আটক পাচারকারী ও পাচারকাজে ব্যবহৃত বোট সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।