সাভারে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালটিতে তালা ঝুলিয়ে ডাক্তার ও নার্সরা পলাতক রয়েছেন। পালানোর সময় এক নার্সকে আটক করেছে পুলিশ।

মারা যাওয়া ওই গার্মেন্টস শ্রমিকের নাম হাফিজুর রহমান। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। স্ত্রী সন্তান নিয়ে তিনি আশুলিয়ার বাংলাবাজারে ভাড়া বাসায় থেকে স্থানীয় শারমিন গ্রুপে অপারেটর হিসেবে কাজ করতেন।

মৃতের স্ত্রী মালা বেগম অভিযোগ করেন, শুক্রবার রাতে তার স্বামী মানিকগঞ্জ থেকে আশুলিয়া আসার পথে বাইশমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় হাত ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সাভার পৌর এলাকার তালবাগের সিটি ল্যাব হাসপাতালে ভর্তি করে। এ সময় তার পেট ব্যথা উঠলে হাসপাতালের নার্সরা তাকে বেশ কয়েকটি পেট ব্যথার ইনজেকশন পুশ করেন। পরে শনিবার (২৯ মার্চ) সকালে তিনি মারা গেলে হাসপাতালের ডাক্তার নার্স ও কর্তৃপক্ষে আমাদের ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

এ সময় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেবিকা নামের এক নার্সকে আটক করে। পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ডিউটি অফিসার (এসআই) উম্মে হানি নয়া দিগন্তকে শ্রমিক নিহতের খবর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনা একজন নার্সকে আটক করা হয়েছে।