কক্সবাজার হতে সমুদ্র পথে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, ইলেকট্রনিক ও তৈরি পোশাক সামগ্রীসহ ছয়জন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ হতে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটযোগে বিপুল পরিমাণ সিমেন্ট, ইলেকট্রনিক ও তৈরি পোশাক সামগ্রী নাফ নদীর মোহনা হয়ে মায়ানমারে পাচার করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড শাহপরী দ্বীপের টহল টিম টেকনাফ উপজেলার হাবিবছড়া সমুদ্র উপকূল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা হতে কাঠের বোটে মিয়ানমারে চোরাচালানকালে ৬০০ বস্তা সিমেন্ট, ৬০০টি মোবাইল চার্জার, ৬০টি পকেট রাউটার, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ ইয়ারফোন, ১০টি মোটরসাইকেল ব্যাটারি, ৫৬০ কেজি ওয়েল্ডিং রড, ৩৯৫ লিটার পেইন্ট, ২৮৬টি পোশাক ও ১৬ রোল তেরপল জব্দ করে। এ সময় কাঠের বোট থেকে ছয়জন পাঁচারকারীকে আটক করা হয়।

আটক পাচারকারীরা কক্সবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

তিনি আরো বলেন, জব্দ বোট, সকল মালামাল এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশের পানিসীমায় কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।