ফরিদপুরের বোয়ালমারীতে বালুবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই।

শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার কাদিরদি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের বক্কার শেখের ছেলে রবিউল ইসলাম (২৪) ও একই গ্রামের ইসলাম শেখের ছেলে সাগর শেখ (২৩)।

পুলিশ জানায়, রবিউল ইসলাম ও সাগর শেখ কাদিরদি কলেজের সামনে পৌঁছেলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউল শেখ মারা যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হলে সেখানে রাত ১২টার দিকে সেও মারা যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।