কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইন-এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরই ধারাবাহিকতায় আজ সকালে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইনে নেতৃত্ব দিয়েছেন মেডিক্যাল অফিসার সার্জন লেফটেন্যান্ট আদিব আদনান। আজ (মঙ্গলবার) বিকেল পর্যন্ত এই মেডিক্যাল ক্যাম্প চলবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।