প্রেমিকার সাথে ঝগড়ার পর বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ার একটি ছাত্রাবাসে তারিকুল ইসলাম তোহা (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত তোহা বগুড়ার গাবতলী উপজেলার সোনার তাহির গ্রামের মো: মনিরুজ্জামানের ছেলে। তিনি সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দির সংলগ্ন মোহাম্মদ বাপ্পির ছাত্রাবাসে থেকে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ।

তার বন্ধুরা জানিয়েছেন, তোহা একটি মেয়েকে ভালোবাসতেন। কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়েটির সাথে ফোনে ঝগড়ার পর তোহা রুমের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি তার এক চাচাতো ভাইকে ফোনে জানান যে, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন এবং সেই সাথে আত্মহত্যার প্রস্তুতির ছবি মেসেঞ্জারে পাঠান। খবর পেয়ে তার চাচাতো ভাই বিষয়টি অন্যদের জানালে তারা তোহার কক্ষের কাছে গিয়ে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান- তোহা তীরের সাথে ঝুলছেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।