চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় টিনের চাল কেটে এবং তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে চার থেকে পাঁচজন দোকানী।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার পদুয়া বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানীরা জানিয়েছে, এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী মুরশেদ ইসলাম বলেন, ‘আমি রাতে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই, সকালে এসে দেখি চোরেরা টিনের চাল কেটে আমার নগদ ৬০ হাজার টাকা এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।’

এ সময় আরেক ভুক্তভোগী জানে আলম জানান, ‘আমি সকালে দোকান খোলার পর দেখি সব জিনিসপত্র এলোমেলো। আজকে আমার জমি রেজিষ্ট্রেশনের দিন ছিল, যার জন্য আট লাখ ৫০ হাজার টাকা রাখা ছিল যা চোরেরা নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘রমজান উপলক্ষে অনেক মাল উঠিয়েছিলাম দোকানে, সেখান থেকেও প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।’

খবর নিয়ে জানা গেছে, একই সময়ে পদুয়া বাজারে আরো কিছু দোকানে চুরি হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত দোকানীদের অভিযোগ গ্রহণ করেছি এবং তদন্ত চলমান আছে।’