রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কামাল ওই গ্রামের সাইদ শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো: মুকুল সিকদার জানান, সকালে কামাল তার বাবা সাইদ ও ভাগিনা রাজুকে সাথে নিয়ে বাড়ির পাশে মরিচক্ষেতে কাজ করতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তারা দৌড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান কামাল।
তিনি আরো বলেন, রাজু অজ্ঞান হয়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি এখন সুস্থ আছেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জামাল উদ্দিন বলেন, ‘বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’