সাভার-কেরানীগঞ্জ এলাকার সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, তার নির্বাচনী এলাকায় চাঁদাবাজ ও মাদককারবারিদের প্রতি কোনো রকম ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ‘ঢাকা-২ আসনে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা নেই। তারা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আমান উল্লাহ আমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের ক্ষতিকর ও বিপজ্জনক উপাদান দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি আরো বলেন, ‘অতীতের স্বৈরাচারী সরকারের নেতাদের মতো নিরীহ মানুষের জমি-বাড়ি জোরপূর্বক দখল করতে কাউকে দেয়া হবে না। কেউ এমন চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে।’

সভায় তিনি আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মেনে চলারও আহ্বান জানান।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। বাসস