বরগুনায় পুলিশ কনস্টেবল নিয়োগের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক লাখ টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে দৈনিক নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন বরগুনা পুলিশের (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল হালিম।

গ্রেফতাররা হলেন সৈয়দ আহমেদ প্রিন্স (৪০) ও মনির হোসেন খান (৪০)। তারা পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার বেতাগী উপজেলার ইব্রাহিম গোলদার নামে একজনকে ২০২৪ সালের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ছয় লাখ টাকা দাবি করে এ প্রতারক চক্র। মৌখিকভাবেই চূড়ান্ত চুক্তি হয় ছয় লাখ টাকা দেয়ার পরে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভুক্তভোগীর পরিবার থেকে তিন লাখ টাকা হাতিয়েও নেয় চক্রটি। এরপর তার চাকরি না হওয়ায় সেই টাকা ফেরত চাইলে তারা যোগাযোগ বন্ধ করে দেয়। ঘটনায় ভুক্তভোগীর দাদা জলিল গোলদার বেতাগী থানায় চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো: আবদুল হালিম বলেন, ‘টাকা নিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার নামে প্রতারণার একটি অভিযোগে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার প্রায় এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছের তারা। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’