ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নেয়ার চেষ্টার ঘটনায় সাদ্দাম হোসেন রাজিব (৪১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর নাম নবাব আলী। তিনি বাইপাইল বসুন্ধরা এলাকায় স্টক লটের ব্যবসা করেন।

আটক সাদ্দাম টাঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজিরচট মাটির মসজিদ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে একটি হাইস গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ব্যবসায়ী নবাব আলীকে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা কৌশলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

ভুক্তভোগী ব্যবসায়ী নবাব আলী বলেন, দুপুরে আমি মোটরসাইকেলযোগে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় একটি হাইস গাড়ি থেকে কয়েকজন লোক হাতের ইশারা দিয়ে আমাকে থামতে বলেন। গাড়িতে ডিবি পুলিশের স্টিকার থাকায় আমি না দাড়িয়ে মোটরসাইকেল চালিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। রাস্তায় কাদা থাকায় মোটরসাইকেল নিয়ে আমি পড়ে যাই। এ সময় গাড়ি থেকে কয়েকজন নেমে আমাকে বলে, আমার কাছে অস্ত্র আছে। এই বলে আমাকে জোরপূর্বক গাড়িতে উঠানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা কৌশলে পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনতা একজনকে আটক করে।

আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান, বসুন্ধরা এলাকায় এক ব্যবসায়ীকে তুলে নেয়ার চেষ্টাকালে একজনকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞেসাবাদ শেষে পরবর্তী আইনিব্যবস্থা নেয়া হবে।