রংপুরে সরকারি কাজে বাধা দেয়ার মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টায় শান্তিবাগ এবং সুলতান নগর চুড়ি পট্টি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন নগরীর সুলতান নগর চুরি পট্টির আরিফ মিয়া এবং শান্তিবাগের শাহ আলম। তারা দু’জনই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে রংপুর রেলওয়ে স্টেশনে মব তৈরি করে সরকারি কাজে বাধা দিয়ে আসামি ছিনতাই চেষ্টার অভিযোগে মামলা আছে।
পুলিশ আরো জানায়, স্টেশন এবং আলমনগর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা সক্রিয় বলে তথ্য আছে তাদের কাছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তাজহাট মেট্রোপলিটন থানার সহযোগিতায় কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।