শিল্পঞ্চল আশুলিয়ায় একটি ঝুঁট গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের আগমুহূর্তে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকার মো: শরিফের ঝুঁট গোডাউনে আগুনের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, জুমার নামাজের কিছুক্ষণ আগে ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস থেকে আরো দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (৩টা ২০মিনিটি) আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।