বেনাপোল কাস্টমসে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহারের পর বেনাপোল কাস্টমস হাউসে পুরোদমে শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়। স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝেও।
সোমবার (৩০ জুন) সকাল থেকে বেনাপোল কাস্টমস ও বন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু করা হয়েছে। এ সময় রাজস্ব কর্মকর্তারা সকাল থেকে কর্মস্থলে উপস্থিত থেকে পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন ও খালাস সংক্রান্ত সকল কাজকর্ম শুরু করেছেন।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সকাল থেকেই বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রফতানি চলছে। বন্দরে পণ্য উঠানামার কাজে হ্যান্ডেলিং শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে করছে।
বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমবিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, সোমবার সকালে কাস্টম হাউসের রাজস্ব যোদ্ধারা কর্মস্থলে যোগ দিয়েছেন। এতে ব্যবসায়ীরা খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে।
আমদানিকারকদের প্রতিনিধি হিসেবে লতিফ বলেন, ‘গত এক সপ্তাহ ধরে বেনাপোল বন্দরে খালাসের অপেক্ষায় তার ১৫ থেকে ২০ ট্রাক বিভিন্ন ধরনের মালামাল আটকে রয়েছে। এর মধ্যে আকিজ প্রিন্টিং ইঙ্কের কাঁচামাল আছে, হোলসিম সিমেন্টের কাঁচামাল আছে, বার্জার পেইন্টের কাঁচামাল আছে। কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি ও কমপ্লিট শাটডাউন-এর কারণে এসব মালামাল বন্দর থেকে ছাড় করানো সম্ভব হয়নি। এসব আমদানিকারকের ফ্যাক্টরিতে কাঁচামাল প্রায় শেষ হয়ে গেছে। আমরা দ্রুততম সময়ে এসব মালামাল ছাড় করানোর কাজ করছি।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘কাস্টম হাউজে সকাল থেকেই কাজ চলছে। অনেক কাজ জমা পড়েছে তাই বিভিন্ন সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে।’
মোবাইল ফোনে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, ‘আমি এখন কাস্টম হাউজে আছি। কাজ করছি। বিভিন্ন ফ্যাক্টরির তিন কনসাইনমেন্ট পণ্যে শুল্ককরাদি পরিশোধ করার পরও পণ্যচালান খালাস নিতে পারিনি। সেটা ছাড় করানোর পাশাপাশি পাঁচটা কনসাইনমেন্টের কাজ চলমান রয়েছে। এসব পণ্য দ্রুততম সময়ে ফ্যাক্টরিতে প্রয়োজন তাই স্টাফদের নিয়ে পরীক্ষণ, শুল্কায়ন ও পণ্যচালান খালাসের কাজে ব্যস্ত আছি।’
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব কর্মকর্তারা গত ২৩ জুন সোমবার সকাল ৯টা থেকে ১২টা, মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা, বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলমবিরতি পালন করা হয়। ২৮ জুন শনিবার পর দিন রোববার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন।